চাঁদপুরের শাহ মাহমুদপুরে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দেশের জনগণই তা প্রতিরোধ করবে।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণ যতক্ষণ সমর্থন দেবে, আমরা জনগণের জন্য ও দেশের জন্য কাজ করে যাব। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, সরকার ইতোমধ্যে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। তবে কিছু মানুষ এসব উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সচেতনভাবে বিএনপির পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের দেওয়া সেই সমর্থনের ভিত্তিতেই আমরা দেশের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছি।”
খাল পুনঃখনন কর্মসূচি সফল করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন এসব উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি দেশের বেকারদের কর্মসংস্থান, কৃষকদের সহায়তা এবং নারী শিক্ষার প্রসারে সরকারের নেওয়া কর্মসূচিগুলোও তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আমাদের। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে এখন আমাদের গড়ে তোলার পালা। সবাইকে সঙ্গে নিয়েই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
সূত্র:বাসস