সিলেট প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে রাস্তায় এত মানুষ ভিড় করল, তারা তো সবাই বিএনপি করে না। কেন রাস্তায় নেমে এলো, কারণ মানুষ মনে করে বিএনপি এখনো সঠিক পথে আছে। তাই মানুষ রাস্তায় নেমে সমর্থন জানিয়েছে। এই সমর্থন ধরে রাখতে পরিশ্রম ও ছাড় দিতে হবে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এসব আর চলবে না। মানুষ যদি কোনো সমস্যায় পড়ে তারা যেন তা জানাতে পারে। কথা বলতে পারে। একটা কথা বলল আর পুলিশ এসে ধরে নিয়ে গেল, মানুষ আর এটা চায় না। কেউ যদি কোনো অপরাধ করে তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনি ক্ষমতাসীন দলের কর্মী এই জিনিসটা মাথায় আনা যাবে না। এটি মাথায় আনলেই বরবাদ হয়ে যাবেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন। সে নির্বাচনে সব জায়গায় একজন প্রার্থী দিতে হবে। তার আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এছাড়া নেতাকর্মীদের আচরণে জনগণ যাতে অসন্তুষ্ট না হয়, সেদিকে সবার আগে খেয়াল রাখতে হবে।
এছাড়া সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানড়র বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিম উদ্দিন মিলনসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা
ইউনি/শাহোরা/