কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত।এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
১১ জুন (বৃহস্পতিবার) ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত হয়েছে, একজন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং আরেকজন হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।
জানা যায় তারা শৌখিন মৎস্যশিকারী ছিলেন। আর অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।