বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।”
বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে দিনরাত কাজ করছেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমও রয়েছে।
সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু দল মিলে ১১ দলীয় জোট গঠন করে বিভিন্ন হুমকি দিচ্ছে। তবে বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে এসেছে।
এর আগে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তারা জানান, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।