দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবাধ বিচরণ নিশ্চিতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিভিন্ন বিল, বংশী খাল ও বানার খালে পাতা নিষিদ্ধ রিং জাল, অবৈধ বাঁধ অপসারণ করে মাছ চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।
রবিবার সকালের দিকে উপজেলা মৎস অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জামালপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব, ওয়ার্ড সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণ ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে মোট ৩০টি নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারি জাল), ১৫টি কারেন্ট জাল এবং ১০টি বেড় জাল জব্দ করা হয়। একই সঙ্গে বানার খালে স্থাপিত ৮টি স্থায়ী বাঁধ অপসারণ, জব্দকৃত জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া একই দিনে শরীফপুর বাজারে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।