বগুড়ার মোকামতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ২২ আগস্ট (শনিবার) বেলা পৌনে ১০টায় মোকামতলা বন্দর এলাকার বগুড়া-রংপুর মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, রফিকুল ইসলাম ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।