• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়াই ছিলো সরকারের বড় চ্যালেঞ্জ

ইউনাইটেড ডেস্ক / ১৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল।

২৬ জুন (শুক্রবার) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে এ অঞ্চলের সাধারণ মানুষের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তবে বর্তমানে এ মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, তার সবকিছুই আমাদেরকে দ্রুত ঠিক করতে হবে। আমরা চাই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে।

তিনি বলেন, কোনো রোগী দূর-দূরান্ত থেকে হাসপাতালে এসে যদি সঠিক সেবা না পান এবং চিকিৎসার নামে অবহেলা করে তাকে ঢাকায় স্থানান্তর (রেফার) করা হয়, তাহলে তা সম্পূর্ণভাবে এই হাসপাতালের অদক্ষতার মধ্যে পড়ে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই এখন থেকে আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো শক্ত হাতে বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে। আর এই শুদ্ধি অভিযানের জন্য কারও সঙ্গে কোনো আপস আমি করব না, কারণ এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে।

শামা ওবায়েদ বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ধরে কেউ যাতে হাসপাতালের অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে, সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে সবাইকে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category