• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

জ্বালানির দামের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যে পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও এর বড় ধরনের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব ঠেকাতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার জন্য কাজ করছে সরকার।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সিলেটে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন.

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। বাংলাদেশে সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করায় মূল্যবৃদ্ধির বিষয়টি আলাদাভাবে মানুষের নজরে আসে।

তিনি বলেন, এই মূল্যবৃদ্ধির কারণে যেন অন্য পণ্যের ওপর প্রভাব না আসে, মূল্যস্ফীতি না বাড়ে, সে জন্য সরবরাহশৃঙ্খল যেন নিরবচ্ছিন্ন থাকে, এটির জন্য আমরা কাজ করছি।

বাণিজ্যমন্ত্রী জানান, আমদানিকারক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি বৈঠক হয়েছে। যোগাযোগব্যবস্থা ও পণ্য সরবরাহের ক্ষেত্রে কোথাও কোনো অসংগতি আছে কি না, তা চিহ্নিত করে দূর করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে। সেই চাপ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব না ফেলে, সে জন্য সরবরাহব্যবস্থাকে সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুক্তাদির আরও বলেন, কয়েক দিন আগে গ্যাসের সরবরাহে যে সংকট তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে। ওই সংকটের কারণে দেশের কিছু পণ্য প্রক্রিয়াজাতকারী কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছিল।

তার ভাষ্য, এখন আমদানি করা চিনি, সয়াবিনসহ যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য দেশে প্রক্রিয়াজাত করা হয়, সেসব কারখানা পূর্ণ উদ্যমে কাজ করছে। ফলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্য ইনশা আল্লাহ স্থিতিশীল থাকবে এবং মূল্যের ওপর সেরকম লক্ষণীয় কোনো অভিঘাত ইনশা আল্লাহ আসবে না।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি সরকারও গুরুত্বের সঙ্গে দেখছে। সরবরাহব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন তৈরি হলে সেটির প্রভাব যাতে বাজারে না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category