রাজধানীর বিজয় সরণিতে গতকাল মধ্যরাতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়।
ইয়াকুব আলী বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে বিজয় সরণি সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায়ই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।
১১জুন (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজের মর্গে ইয়াকুবের ছেলে মানিক ইয়াসিন বলেন, তাঁর বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের বাসায় ফিরছিলেন। পেছন থেকে মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক ইয়াকুব আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দুইটার দিকে চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। ইয়াকুবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।