ঝালকাঠি প্রতিনিধি ::
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘যুব শান্তি মেলা’। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, বরং ভবিষ্যতের সমাধানদাতা ও জলবায়ু নেতা হিসেবে গড়ে তোলাই ছিল আয়োজনের লক্ষ্য। মেলায় নদীভাঙন, বন্যা, তাপপ্রবাহ, স্বাস্থ্যঝুঁকি ও জীবিকার সংকটসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব তুলে ধরার পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় তরুণদের প্রস্তাবিত সমাধান উপস্থাপন করা হয়।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ুথনেট গ্লোবালের এ ধরনের উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
মেলায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, যুব ও জলবায়ুকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের ১৫০ জন শিক্ষার্থীও এতে অংশ নেয়।
মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা। তারা নিজেদের তৈরি বিভিন্ন মডেল, দেয়ালিকা ও ভিডিও প্রদর্শনের পাশাপাশি পথনাটক পরিবেশন করে জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব তুলে ধরে। নদীভাঙন, বন্যা, তাপপ্রবাহ, স্বাস্থ্যঝুঁকি ও জীবিকার সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তাবিত সমাধানও তুলে ধরে তারা।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, “জলবায়ু সুরক্ষা ও শান্তি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের জীবিকা, নিরাপত্তা ও সামাজিক সংহতিকে ঝুঁকিতে ফেলছে। তাই তরুণদের শুধু জলবায়ু নেতৃত্বে নয়, শান্তি ও সামাজিক সংহতি গড়ার নেতৃত্বেও প্রস্তুত করা জরুরি।”
সমাপনী বক্তব্যে আরিফুর রহমান শুভ বলেন, “জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও শান্তির সঙ্গেও গভীরভাবে যুক্ত। আমরা চাই, তরুণরা সমস্যার দর্শক না হয়ে সমাধানের অংশীদার হোক।”
তিনি বলেন, “ঝালকাঠির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইয়ুথ ক্লাইমেট ক্লাব গড়ে তোলা এবং তরুণদের নেতৃত্বে জলবায়ু ও শান্তির জন্য একটি শক্তিশালী আন্দোলন তৈরি করাই আমাদের লক্ষ্য।”
‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগের সমাপনী আয়োজন হিসেবে এই মেলার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা, সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।