• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জুলাই দিবস অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা,দাওয়াত পায়নি ছাত্রদল-শিবির

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৪৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ জালাল কিসমত, সদস্য আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই নেতা উপস্থিত থাকলেও, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত এবং ছাত্রশিবিরের শহর সভাপতি রাকিব হোসাইন ও সরকারি কলেজ সভাপতি ফারহান খান নাঈম অভিযোগ করেন, তাদের কিংবা তাদের সংগঠনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়নি।

তারা বলেন, জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। অথচ জুলাই শহিদ দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।

জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী জানান, অনুষ্ঠানের শুরুতেই তারা ওই দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের জানান, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত হয়েছেন।

জুলাই আন্দোলনে নিহত রায়পুরের ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের ওই দুই নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এ তথ্য তিনি আগে জানতেন না। তাদের কে আমন্ত্রণ জানিয়েছেন, সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাই ভালো বলতে পারবেন। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, জুলাই শহিদ দিবস রাষ্ট্রীয় কর্মসূচির অংশ। কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category