লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি চুরির ঘটনার রহস্য উদঘাটন করে চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২ জুলাই রাত ১১টা ৫০ মিনিট থেকে ৩ জুলাই সকাল ৭টার মধ্যে উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের বসতঘরে চুরি সংঘটিত হয়। অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ৭ জুলাই রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর লক্ষ্মীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানে পূর্ব চন্ডিপুর এলাকার মো. মনির হোসেন ওরফে মায়া মনির (৩২)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার হেফাজতে চুরি হওয়া স্বর্ণালংকার থাকার তথ্য দেন। পরে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি স্বর্ণের নেকলেস, একটি গলার চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া কান টানা, এক জোড়া ঝুমকা, একটি ব্রেসলেট, চারটি স্বর্ণের আংটি, একটি রুপার কানের রিং এবং একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা আলামত ভুক্তভোগী শনাক্ত করার পর জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া মনির হোসেন একটি ডাকাতি প্রস্তুতি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একই ঘটনায় জড়িত আরও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া মালামাল আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।