মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
১৯ জুলাই (রোববার) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৫০) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশীদ জানান, সেলফি পরিবহনের ওই বাসটি পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী উদ্দেশ্য রওনা হয়েছিল। বরং গাইল বাসস্ট্যান্ড এলাকায় সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নামে একজন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, বাসটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া, রেকার ডাকা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।