পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার-এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় অর্ধ শতাধিক পলাশ ফুলের চারা রোপণ করা হয়েছে।
আয়োজকরা জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক যাতায়াত করেন। সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখবে এই কর্মসূচি।পলাশ ফুল তার উজ্জ্বল লাল-কমলা রঙের জন্য ‘বসন্তের অগ্নি’ নামে পরিচিত। এ ফুলের মধু সংগ্রহ করে মৌমাছি ও বিভিন্ন প্রজাতির পাখি, যা পরাগায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সড়কের পাশে পলাশ ফুলের চারা রোপণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতি।
এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার-এর মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও সংগঠনের সহ-সভাপতি রুবেল আহমদ, সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।