জাতীয় নাগরিক পার্টি ও যুবদলের সমাবেশকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তবে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে রওনা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
জানা গেছে, গাড়িবহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-যুবদলের একই স্থানে, একই সময়ে ডাকা সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। মাঠে বিজিবি মোতায়েন রয়েছে। সেখানে ম্যাজিষ্ট্রেটও দায়িত্ব পালন করছে।