রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার গতি অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।