বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সামাজিক মাধ্যমে চলা নানা আলোচনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়।
গত কয়েকদিন ধরে তার স্বামী সূরজ নাম্বিয়ার–এর সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, চার বছরের দাম্পত্য জীবনে নাকি দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে।
গুঞ্জনের সূত্রপাত হয় সামাজিক মাধ্যমে কিছু পরিবর্তনকে কেন্দ্র করে। মৌনী তার প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দেন এবং স্বামীকে আর ফলো করছেন না—এমন খবর ছড়িয়ে পড়ে। অন্যদিকে সূরজ নাম্বিয়ারও নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন।
এ ঘটনার পর থেকেই গুঞ্জন আরও বাড়তে থাকে। এমনকি অভিনেত্রী দিশা পাটানি–ও নাকি সূরজকে নিজের ফলো তালিকা থেকে সরিয়ে দিয়েছেন—এমন দাবিও উঠে আসে।
এরপর অনেকেই ধারণা করেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি সূরজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে বিচ্ছেদের বিষয়ে মৌনী বা সূরজ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।
সব গুঞ্জনের মধ্যেই মৌনী বলেন, “আমি সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। অনুরোধ করছি মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।”
উল্লেখ্য, ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি দুই রীতিতে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। দীর্ঘদিন ধরে তারা ভক্তদের কাছে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন।