ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর মরদেহ দেশে পৌঁছেছে। রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, মানবিক কারণে বিনা খরচে কারিনার মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে US-Bangla Airlines। এর আগে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
দেশে আনার পর মরদেহ রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় নেওয়া হয়। পরে রাতে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে নেওয়া হবে। সেখানেই দাফন করা হবে কারিনা কায়সারকে।
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়।
‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন কারিনা। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।