বিলাসবহুল গাড়ি চোরাচালান মামলায় আবারও আলোচনায় দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। ভারতের শুল্ক দপ্তরের বিশেষ অভিযান ‘অপারেশন নামখোর’-এর আওতায় এবার তার আরও একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা গাড়িটি অত্যন্ত দামি একটি ব্র্যান্ডের। গাড়িটি কেরালার কালামাসেরিতে অবস্থিত ‘সিগনেচার কারস’ নামের একটি প্রতিষ্ঠানে রাখা ছিল। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, দুলকার সালমানের আলোচিত সিনেমা Lucky Baskhar–এর শুটিংয়েও গাড়িটি ব্যবহার করা হয়েছিল।
এর আগেও একই অভিযানে কাস্টমস বিভাগ অভিনেতার আরও তিনটি বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস কার জব্দ করেছিল। এ ঘটনায় আন্তর্জাতিক চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কোঝিকোড়ের ‘এমএস রোডওয়ে কারস’-এর পার্টনার সাঁই মার্ভে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কাস্টমস সূত্রের দাবি, ভুয়া নথিপত্র ব্যবহার করে মূলত ভুটান থেকে ভারতে এসব দামি গাড়ি আনা হতো। কর ফাঁকি দিতে আন্তর্জাতিক দূতাবাসের নামও অপব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন দুলকার সালমান। তার দাবি, তিনি বৈধ কাগজপত্রের ভিত্তিতেই গাড়িগুলো কিনেছেন এবং সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
আদালতে অভিনেতা জানিয়েছেন, গাড়িগুলোর মালিক ছিলেন ভারতীয় নাগরিক এবং নিয়ম মেনেই তাদের কাছ থেকে গাড়িগুলো কেনা হয়েছে। প্রয়োজনীয় সব বৈধ নথিও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া বাজেয়াপ্ত হওয়া একটি Land Rover Defender প্রসঙ্গে অভিনেতার দাবি, সেটি আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে দিল্লিতে আনা হয়েছিল, কোনো অবৈধ উপায়ে নয়।