অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বোলারদের দাপট টাইগার শিবিরে স্বস্তি বইছে। ব্যাটিংয়ে একমাত্র মিরাজ ছাড়া কোন ব্যাটার সামর্থের প্রমাণ না করতে পারায় বিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে ডারউইনের মারারা ওভালের ম্যাচে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া একাদশকে ৫ উইকেটের ধাক্কা দিয়েছে সফরকারীরা।
প্রথম দিন ১৫৮ রানেই ৭ উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। বড় বিপর্যয়ের মুখে দলকে টেনে তোলেন মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। শেষের সারির ব্যাটারদের নিয়ে মূল্যবান জুটি গড়ে বাংলাদেশকে আড়াইশ’র গণ্ডি পার করান তিনি।
২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের তোপে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ইনিংসের প্রথম ওভারেই স্যাম কনস্টাসকে (১) ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর তৃতীয় ওভারে ক্যাম্পবেল কেলাওয়েকে শূন্য রানে বোল্ড করেন তাসকিন আহমেদ। মাত্র ১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিকরা।
সেই ধাক্কা সামলে প্রথম দিনের শেষ পর্যন্ত ২ উইকেটে ৫১ রান তুলেছিল অস্ট্রেলিয়া একাদশ। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশ আবারও আঘাত হানে। ২৪ রান করা জশ ফিলিপকে এবং ৫৩ রান করা অধিনায়ক কার্টিস প্যাটারসনকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অন্যদিকে ৪৮ রান করা জ্যাক ক্লেটনকে সাজঘরের পথ দেখান ইবাদত হোসেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২১৩ রান। টিগ উইলি ৪৮ ও জেক ডোরান ৩৭ রানে অপরাজিত আছেন। এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৫০ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
১৩ আগস্ট ডারউইনেই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি যেমন বাংলাদেশের ব্যাটিংকে আত্মবিশ্বাস দিচ্ছে, তেমনি হাসান মাহমুদের নিয়ন্ত্রিত পেস বোলিংও টাইগার শিবিরের জন্য বড় ইতিবাচক দিক হয়ে উঠেছে।