মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকাল ১০ টা সমায় জেলা যুব ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
প্রদর্শনীতে কুটিরশিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী, নারীদের হাতে তৈরি থ্রি-পিস ও পোশাক, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য স্থান পায়। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে তৈরি এসব পণ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, নিবন্ধিত যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান এবং সংগঠনগুলোকে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।