ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
১ জুলাই (বুধবার) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১৩ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও একজন শিশু রয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩৩ জন ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন।