জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসারণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার(১২নভেম্বর) সকালে বিদ্যালয়টির মালিকানাধীন প্রায় ১৫০টি দোকানঘরের ব্যবসায়ী, সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় ইয়াসিন, সিরাজ, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মনগড়া অভিযোগ তোলা হয়েছে। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
ব্যবসায়ী জিয়াউর রহমান জানান বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা, দোকানঘর নির্মাণ ও বরাদ্দ, পুরোনো মালামাল বিক্রি, শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং বিদ্যালয়ের জায়গা ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি স্থানীয় দোকানদারদের ওপর চাপ প্রয়োগ করে অর্থ দাবি ও হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, তিনি একসময় বিদ্যালয়ের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে জাল সনদের মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ২০২৫ সালের মধুমেলার আগে রাতের আঁধারে বিদ্যালয় প্রাঙ্গণের তিনটি গাছ কেটে বিক্রি এবং পুরোনো বই-খাতা, তামার তার, লোহার চেয়ার-টেবিল ও পাইপ টেন্ডার ছাড়াই বিক্রি করার অভিযোগও তারা তোলেন।
এ ছাড়া বিদ্যালয়ের জায়গায় দোকানঘরের ভিত নির্মাণ করে উচ্চমূল্যে বিক্রি, শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে অর্থ লেনদেন, দোকানঘর নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম এবং ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ করেন বক্তারা। মধুমেলার সময় বিদ্যালয়ের জায়গা ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থের হিসাব নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।
ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন বিদ্যালয়ের দোকান বরাদ্দ ও দোকানঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ৩১ জন দোকানদারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। একই সঙ্গে বহিরাগত ব্যক্তিদের কাছে অষ্টম শ্রেণি পাসের সনদ দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপন করা হয়।
আরও বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত তিনজনকে তাঁদের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।
মানববন্ধনে আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম ও রেজাউল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের দোকানমালিকসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্তের বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।