সাব্বির রহমান রুম্মান তান্ডবে অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে এইচপি টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দার্ন টেরিটরি। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নর্দার্ন টেরিটরি।
দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। জাগা কোদুরু ১৬ এবং হারশতিক বিমব্রাল করেন ১০ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মো. রুবেল। দুর্দান্ত বোলিং করে তিনি একাই তুলে নেন ৫ উইকেট। জাগা কোদুরু, হারশতিক বিমব্রাল ও ডাউটজি হুগেনবোজেমসহ নর্দার্ন টেরিটরির গুরুত্বপূর্ণ ব্যাটারদের সাজঘরে ফেরান তিনি। এছাড়া রাকিবুল হাসান ও সামিউন বাসিরও একটি করে উইকেট নেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন সাব্বির রহমান।
৩৭ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাব্বির। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই রান তাড়ায় স্থিরতা পায় বাংলাদেশ এইচপি।
সাব্বিরকে ভালো সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। তিনি করেন ২২ রান। এছাড়া আরিফুল ইসলাম ১০, শামীম হোসাইন ১১ এবং অধিনায়ক ইরফান শুক্কুর করেন ১৭ রান।
শেষ দিকে সামিউন বাসিরের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে যায়। মাত্র ৮ বলে ১৪ রান করেন তিনি।
শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি। ফলে ৩ উইকেট ও ১০ বল হাতে রেখে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারায় তারা।
এই জয়ের মধ্য দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ ধারাবাহিকতা আরও শক্ত হলো। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ এইচপি।