• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ইমরান খানের জন্য কিংবদন্তি ২২ ক্রিকেটারের চিঠি

স্পোর্টস ডেস্ক / ১২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাবেক পাক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা। ইমরানের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বিশ্বের সাবেক ২২ আন্তর্জাতিক অধিনায়ক চিঠি দিয়েছেন। তাঁরা চিঠিতে নিজেদের রাজনৈতিক পক্ষ হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠে ইমরানের সাবেক সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিয়ে তাঁর প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন।

এই ২২ জনের এই তালিকায় আছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ, জন রাইট, অ্যালিস্টার কুক, নাসের হুসেইন, অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যান্ড্রু স্ট্রসের মতো সাবেক তারকারা।

চিঠিতে সাবেক অধিনায়কেরা বলেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বোন ড. উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও পুনর্বহাল করা হয়েছিল। কিন্তু তাঁদের দাবি, ইমরানের হাসপাতালে অবস্থান কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয় এবং আদালতের নির্দেশিত বোর্ড কাজ শেষ করার আগেই রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা একটি দল তাঁকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে আবার আদিয়ালা কারাগারে পাঠিয়ে দেয়!

সাবেক অধিনায়কেরা তিনটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডকে, ইমরানের নিজস্ব চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে, পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে খবর এসেছে, সেটি গুরুত্ব দিয়ে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আদালত পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো প্রশাসনিক জটিলতা বা বাধায় বন্ধ না হয়, সেটিও নিশ্চিত করতে বলেছেন তাঁরা। সবশেষ দাবি ছিল, চিকিৎসা পরীক্ষার ফল যা-ই হোক, বোর্ডের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ছয় মাসের মধ্যে ইমরানের চিকিৎসা নিয়ে এটি সাবেক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। এবার সেই উদ্যোগে যোগ দিয়েছেন আরও কয়েকজন সাবেক অধিনায়ক।

ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা ছাড়ার পর একাধিক মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্বাস্থ্য ও কারাগারে অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেও উদ্বেগ রয়েছে। তবে পাকিস্তান সরকার ইমরানের কারাগারে নির্যাতন বা তাঁর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ বারবার অস্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category