• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কলেরা প্রতিরোধে দেশের ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ থানা ও উপজেলায় শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। প্রথম ডোজ ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে। পূর্ণ সুরক্ষার জন্য দুই ডোজই নিতে হবে।

আজ শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এক বছর বা তার বেশি বয়সী ৫১ লাখ ৭৫ হাজার শিশুকে বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। এক বছর বা তার বেশি বয়সী সবাই টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতায় থাকবেন না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটরিয়ামে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই দিন তেজগাঁওয়ে পৃথক অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচরের ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকাও এর আওতায় রয়েছে।

এ ছাড়া মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকাদান চলবে। এসব এলাকায় নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কর্মসূচির জন্য ১ কোটি ৩ লাখ ৫০ হাজারের বেশি ডোজ টিকা নিশ্চিত করা হয়েছে। রোগের প্রকোপ, জনসংখ্যার ঘনত্ব ও সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকা নির্বাচন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category