অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। আর এই জয়কে নিজের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের দায়িত্ব নেন সিমন্স। তার অধীনে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে এসে পেল আরও বড় সাফল্য।
ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে সিমন্স বলেন, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো যেকোনো দলের জন্যই বড় অর্জন। কারণ সেখানে স্বাগতিকদের হারানো অত্যন্ত কঠিন। তবে গত এক-দুই বছরে বাংলাদেশের টেস্ট দল ধীরে ধীরে উন্নতি করেছে এবং সেই ধারাবাহিকতায় দলের আত্মবিশ্বাসও বেড়েছে।
সিমন্স মনে করেন, সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্স বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাস জুগিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে হারের কথা স্বীকার করলেও তার আগে দল ভালো ক্রিকেট খেলেছে বলে জানান তিনি।
প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশামতো ফল না এলেও সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা মূল ম্যাচে কাজে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ।
দলের পেস আক্রমণের প্রশংসা করে সিমন্স বলেন, চোটের কারণে নাহিদ রানাকে মিস করলেও অন্য তিন পেসার শৃঙ্খলাবদ্ধ ও নিখুঁত বোলিং করে তার অভাব পূরণ করেছেন।
ব্যক্তিগতভাবে এই জয় তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ড্রেসিংরুমে তিনি খেলোয়াড়দেরও জানিয়েছেন, এটি তার টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়।
সিমন্সের ভাষায়, এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে এসেও স্বাগতিকদের হারাতে পারেননি তিনি। তাই এবার বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতিটা তার কাছে বিশেষ।
দলের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানের পর খেলোয়াড়রা যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, সেটিকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ।