• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বাংলাদেশকে শাবাশ বলা উচিত : খাজা

স্পোর্টস ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারের পর দেশটির ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। কেউ এই হারকে ‘লজ্জাজনক’, কেউ ‘অপমানজনক’, আবার কেউ অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। তবে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা মনে করেন, এমন শব্দ ব্যবহার করে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে ছোট করা হচ্ছে।

নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে খাজা বলেন, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, তা তাকে বিরক্ত করেছে।

তিনি বলেন, ‘আমি কিছু শিরোনাম ও মানুষের নানা কথা দেখেছি। এর মধ্যে একটা কথা আমাকে বেশ বিরক্ত করেছে অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার এই হার লজ্জাজনক বা অপমানের। এটা টেস্ট ক্রিকেট। এখানে তো দুই দলেরই জয়ের সুযোগ থাকে। খেলার মূল কথাই তো এটি।’

খাজার মতে, অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল হলেও বাংলাদেশের বিপক্ষে তাদের হারের দায় নিতে হবে। তবে সেই দায় নেওয়ার নামে প্রতিপক্ষকে অসম্মান করা উচিত নয়।

তিনি বলেন, ‘আমি জানি, আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমাদের জেতারই কথা ছিল। কিন্তু “লজ্জাজনক” বা “অপমানজনক” শব্দগুলো ব্যবহার করা মানে বাংলাদেশকে অসম্মান করা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। তাদের পিঠ চাপড়ে শাবাশ বলা উচিত এবং পরের ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।’

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে খাজা আরও বলেন, ‘মানুষ কেন এভাবে তাদের অসম্মান করছে, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তাদের শুধু বলতে চাই অভিনন্দন। সেরা দল জিতেছে।’

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচজুড়েই দুর্দান্ত ক্রিকেট খেলেছে টাইগাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে পিছিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দ্রুত তাদের গুটিয়ে দেয় বাংলাদেশ।

তবে খাজার বিশ্বাস, নিজেদের সেরা ছন্দে ফিরতে পারলে অস্ট্রেলিয়াই সামগ্রিকভাবে শক্তিশালী দল। তিনি বলেন, ‘আমার এখনো মনে হয়, নিজেদের ছন্দে খেলতে পারলে সামগ্রিকভাবে অস্ট্রেলিয়াই শ্রেয়তর দল। আশা করি, পরের টেস্ট ম্যাচেই আমরা সেটি দেখতে পাব, যদিও কে জানে কী হবে!’

অস্ট্রেলিয়া দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকেও কটাক্ষ করেছেন খাজা। তার মতে, মাত্র একটি ম্যাচের ফলাফলের পরই ক্রিকেটারদের নিয়ে মানুষের মতামত বদলে যায়।

খাজা বলেন, ‘এখন কী হবে? তারা কী ধরনের পরিবর্তন আনবে? আপনারা কত দ্রুতই না মত বদলে ফেলেন। এক বছর আগেও ব্যাটিং লাইনআপ, ওপেনারসহ সবকিছু নিয়ে কত প্রশংসাই না করেছেন। এসব দেখে আমার কেবলই হাসি পায়।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার ম্যাকাইয়ে। ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পর সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য এখন বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category