• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

জুলাইয়ের অর্জন রক্ষায় লড়াই চলবে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। জনগণের রায় ও ২০২৪ সালের আন্দোলনের চেতনাকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরা ইলের আইডিবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না। সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক ও শ্রমিকদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই সাফল্য নষ্ট করার চেষ্টা চলছে। জনগণের রায়ের পক্ষে আমরা লড়াই চালিয়ে যাব।

তিনি বলেন, বর্তমান সংসদ ও সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানেরই ফসল। অথচ এখন কেউ কেউ সেই আন্দোলনের গুরুত্ব খাটো করার চেষ্টা করছেন। ২০২৪ না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না।

সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দায়িত্বশীল পদে থেকেও কেউ কেউ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। সংসদে এসব বিষয়ে প্রশ্ন তুললে তা এড়িয়ে যাওয়া হয়, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে অতীতের বহু পুরোনো ঘটনা সামনে আনা হয়।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, চাঁদাবাজিমুক্ত পরিবেশ এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। তবে, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই গণভোটের পক্ষে ছিলেন এবং জনগণের প্রায় ৭০ শতাংশ এতে সমর্থন দিয়েছেন। এখন সেই গণরায়কে অগ্রাহ্য করার চেষ্টা করা হচ্ছে।” তিনি প্রশ্ন রেখে বলেন, ৫১ শতাংশ বড়, নাকি ৭০ শতাংশ বড়?

সংবিধান সংশোধন কমিটি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সংবিধানে এ ধরনের কমিটির কোনো বিধান নেই। তবু, এমন কমিটি গঠন করে জুলাইয়ের চেতনা ও গণভোটের ফলকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ কারণেই জামায়াত সংসদ থেকে ওয়াকআউট করেছে বলে জানান তিনি।

ভারত প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের ওপরই আস্থা রাখে। ভারতের মাটিতে আশ্রয় নেওয়ার চিন্তা আমাদের নেই। বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ই আমাদের আশ্রয়স্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category