জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, “আমরা মৌলবাদে বিশ্বাস করি না, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না। আপনারা করেন? না। আমরা চাই, মৌলবাদ মুক্ত একটা সম্প্রীতির দেশ।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা জেলার ধামরাই উপজেলার কায়েতপাড়াস্থ শ্রী শ্রী যশোমাধব মন্দিরের মাধব অঙ্গনে আয়োজিত ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের কোনো মানুষ সংখ্যালঘু নয় উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই।”
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনো সংখ্যালঘু পরিবারের সদস্য না। দেশ যখন স্বাধীন হয়, তখন আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। আপনারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন; দেশ ছেড়ে পালিয়েছেন। আপনারা কি করে সংখ্যালঘু হন? আপনারা এই দেশের নাগরিক। একজন হিন্দুর যে অধিকার, একজন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষেরও একই অধিকার।”