• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

পরীক্ষার্থীদের লংমার্চ ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার

ইউনাইটেড ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

১৫ জুলাই (বুধবার) দুপুরে সচিবালয়ের ১ নম্বর, ২ নম্বর ও ৫ নম্বর গেট ঘুরে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন শেষে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীদের কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রম চললেও নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category