আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পায়? সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ও পাল্টা দাবির আলোচনা প্রায়ই দেখা যায়। চলমান বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে বিষয়টি প্রশ্ন হিসেবে উঠে আসে। জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
মায়ামিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনি দলের প্রস্তুতির পাশাপাশি আর্জেন্টিনাকে ঘিরে কথিত পক্ষপাতিত্বের অভিযোগ নিয়েও কথা বলেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, প্রশ্নের জবাবে স্কালোনি জানান, এসব গুঞ্জন থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা এড়িয়ে চলা। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কী লেখা হচ্ছে, তা না পড়লেই হলো। ওগুলো না দেখলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’
বর্তমান সময়ে লাইক, শেয়ার ও রিটুইটের কারণে ভিত্তিহীন তথ্যও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন স্কালোনি। তাঁর ভাষায়, ‘এখন যে কেউ কোনো ভিত্তি ছাড়াই কিছু পোস্ট করতে পারে, আর মুহূর্তেই সেটি বড় আলোচনার বিষয় হয়ে যায়। আমার মনে হয়, এসবকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’
এ বিষয়ে নিজের বক্তব্য শেষ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও আছে। দুর্ভাগ্যজনকভাবে, কেউ আজেবাজে কিছু পোস্ট করলেই তা কয়েক সেকেন্ডের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। আমরা এসব বিষয়ে একদমই গুরুত্ব দিই না।’