গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভ্যান অ্যাম্বুলেন্স। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় এই ভ্যানটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ছিল এটি।
বর্তমানে আধুনিক মোটর চালিত অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবার যুগে এমন ভ্যান অ্যাম্বুলেন্সের ব্যবহার প্রায় বিলুপ্ত। তবে কয়েক দশক আগে দুর্গম গ্রামীণ এলাকায় অসুস্থ রোগী, প্রসূতি মা কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে এই ভ্যানই ছিল একমাত্র নির্ভরতা।
স্থানীয় প্রবীণরা জানান, কাঁচা ও দুর্গম সড়ক পেরিয়ে বহু রোগীকে হাসপাতালে নিতে এই ভ্যান অ্যাম্বুলেন্স নিরলস ভাবে ছুটেছে। অনেক পরিবারের সুখ-দুঃখের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এর ইতিহাস। সময়ের পরিবর্তনে স্বাস্থ্যসেবার ধরন বদলেও এই ভ্যান অ্যাম্বুলেন্স আজও অতীতের এক মূল্যবান স্মারক হয়ে আছে।
ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী স্থানীয়দের মতে, ঘোড়াঘাটের সহ প্রতিটি উপজেলার এমন পুরনো স্মৃতিগুলো সংরক্ষণ করা জরুরি। কারণ এগুলো শুধু একটি যানবাহন নয়, বরং এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিবর্তনের জীবন্ত সাক্ষ্য।
স্থানীয় ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অতীতের এসব স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরলে তারা নিজেদের শিকড় ও ইতিহাস সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।