দেশের অধস্তন আদালতগুলোয় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
প্রাথমিক এই বাছাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। এবারের পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে কৃতকার্য হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।
জাইমা রহমান এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন বলে নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।
তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে (সনদ প্রাপ্ত) তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।