২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়ে তিনি যাচ্ছেন বঙ্গভবনে।
এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
ফল ঘোষণার পরই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী তার দলের প্রার্থী মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা অভিনন্দন জানান রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসতে যাওয়া ঠাকুরগাঁওয়ের এ সন্তানকে।