• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ফ্রি সেলাই প্রশিক্ষণের নামে দুই ব্যক্তি টাকা নিয়ে উধাও

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ১৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামে ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়ার পর দুই ব্যক্তি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় স্থানীয় নারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় নারীদের অভিযোগ, গত ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই দুই ব্যক্তি গ্রামের বিভিন্ন নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগাযোগ করেন। তারা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়ার কথা বলে নারীদের প্রশিক্ষণে ভর্তি করেন। ফ্রি প্রশিক্ষণের কথা শুনে গ্রামের প্রায়  ২৫ জন নারী এতে ভর্তি হন।

অভিযোগ রয়েছে, শুরুতে ভর্তি ফি হিসেবে জনপ্রতি ১০০ টাকা নেওয়া হয়। দুই দিন পর কাঁচি ও ফিতার জন্য আরও ৩৫০ টাকা নেওয়া হয়। এরপর প্রশিক্ষণের পাঁচ দিনের মাথায় সার্টিফিকেট দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আরও ৫০০ টাকা নেওয়া হয়।

স্থানীয় নারীরা আরও জানান, টাকা নেওয়ার পর প্রশিক্ষণের ষষ্ঠ দিনে ওই দুই ব্যক্তিকে আর এলাকায় পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে প্রশিক্ষণে ভর্তি হওয়া নারীরা প্রতারণার শিকার হয়েছেন বলে আশঙ্কা করছেন।

ওই ব্যক্তিরা নিজেদের ঠিকানা হিসেবে রংপুর, হোসনাবাদ, বাউরা, পাটগ্রাম, লালমনিরহাট এলাকার কথা জানিয়ে ছিলেন বলে  জানিয়েছেন। তবে তাদের দেওয়া ঠিকানা সঠিক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অপরিচিত ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফ্রি প্রশিক্ষণ, সার্টিফিকেট ও পুরস্কারের প্রলোভনে টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও কার্যক্রম যাচাই করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category