আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে নির্বাচন শুরু হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
এ ছাড়া চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে এ আলোচনা হতে পারে।