ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারাক রহমানকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্রিকসের অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চললেও এ বিষয়ে সরকারের নীতি স্পষ্ট নয়। তাছাড়া বাংলাদেশ এখনও ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য নয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচারী সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এতে বাংলাদেশের মানুষের মনে এক ধরনের অসন্তোষ ও রিজার্ভেশন তৈরি হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি হলেও দিল্লির পক্ষ থেকে সেই আন্তরিকতা স্পষ্ট নয়। বর্তমানে কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ চায় সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও ভালো প্রতিবেশীসুলভ নীতি মেনে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাক।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রসঙ্গে স্পিকার উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা চলছে। সরকার ও বিরোধী দলগুলো যদি এসব সংস্কারের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে জাতীয় সংসদের আগামী অধিবেশনেই প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধনের কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব হবে। এর মাধ্যমে দেশের জনগণ দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও দুঃশাসনের হাত থেকে পুরোপুরি মুক্তি পাবে।