আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হলে কাফের হয়ে যাবো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।
মাওলানা জহির উদ্দিন বলেন,’ আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যদি আমার এ রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে আমরা জালেম হয়ে যাবো, আমরা কাফের হয়ে যাবো, আমরা ফাসেক হয়ে যাবো। বাংলাদেশের মধ্যে এক জিন্দা শাহজালাল আমাদেরকে ডাক দিয়েছেন। বাংলার এই জিন্দা শাহজালাল পীর সাহেব চরমোনাই। বাংলার এ জমিনে শরীয়াহ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার করার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প কোনো সংগঠন নেই। আপনারা অন্যান্য ইসলামী সংগঠন আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন আছে। আমি আওয়ামী লীগ, বিএনপির কথা বলবো না। তারা তো কেউ জিয়ার আদর্শ বাস্তবায়ন করবেন, কেউ শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করবেন।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকগুলো ইসলামী সংগঠন আছে, তারা শরীয়াহ’র কথা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের স্পষ্ট কথা বলে না। একমাত্র এ বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে জিন্দা শাহজালাল পীর সাহেব চরমোনাই সকল মানুষকে বিশেষ করে ১৮ কোটি মানুষ, যারা শতকরা ৯২জন মুসলমান তাদেরকে আহ্বান করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদ্রাসা মাঠে ‘জনপ্রত্যাশা পূরণে শরীয়াহ ভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়ন সম্মেলন ২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঙ্গাখাঁ ইউনিয়ন সভাপতি আমির হোসেন মুন্সীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী মাওলানা হেলাল উদ্দিন, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সালেহ আহমদ, সদর যুব আন্দোলনের সভাপতি মাওলানা শরাফত করিম জিহাদ।
এ সময় প্রধান অতিথি মাওলানা জহির উদ্দিন বাঙ্গাখাঁ ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমির হোসেন মুন্সী, সহ-সভাপতি কামাল উদ্দিন শিবলু এবং সাধারণ সম্পাদক আরিফ সুলতানের নাম ঘোষণা করেন।