লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা মো: রাকিব হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতে ইসলামী।
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে জকসিন উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জকসিন বাজারে এসে সমাপ্ত হয়।
মো: রাকিব হোসন নেয়ামতপুর হেরার আলো ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের আইসিটি বিভাগের সদস্য।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দ্রগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. কাউসার হামিদ, বাংগাখাঁ ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাংগাখাঁ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার শাহ আলমসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা রাকিব হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।