ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন–এ মানবিক সহায়তা মিশনে থাকা জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা–এর একটি গাড়িতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় দেশটিতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাড়িটিতে দুই দফায় হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থার একটি যানবাহনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, “রুশ বাহিনীর জানা ছিল তারা কোন গাড়িকে লক্ষ্যবস্তু করছে।”
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, হামলার সময় গাড়িটিতে সংস্থাটির প্রধানসহ মোট নয়জন কর্মী ছিলেন। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। পরে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, খেরসন অঞ্চলটি দীর্ঘদিন ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ফলে সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক সংস্থাগুলোও প্রায়ই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।