আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, সরকার জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে, যা একই সঙ্গে রাজনৈতিক সুরক্ষাও।
আজ ২৩ জুন (মঙ্গলবার) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে, সংরক্ষিত মহিলা আসন-৪৫ থেকে নির্বাচিত বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমই একটি রাজনৈতিক দলিল এবং জননীতির অংশ। সরকার কেবল আইনি কাঠামোর মাধ্যমেই সুরক্ষা দিতে পারে। জুলাই চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে, যা একই সঙ্গে রাজনৈতিক সুরক্ষাও।
মন্ত্রী আরও বলেন, ‘যদি তিনি (সংসদ সদস্য রোকেয়া বেগম) জুলাই যোদ্ধাদের জন্য আরও কোনো ধরনের সুরক্ষার সুপারিশ করেন, সরকার তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে।’
বাজেট অধিবেশনে বক্তব্যকালে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জামায়াত-সমর্থিত জোটের মনোনীত সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিলেও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করেনি।
রোকেয়া বেগমের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সংসদে এ ব্যাখ্যা দেন।