খুলনায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন আলম গাজী ওরফে শাহিন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল জেলা আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।
দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন আলম গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের মাহাবুর গাজীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ২০২৪ সালের ১ মে রাত ৮টার দিকে তার পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেই সুযোগে রাত সাড়ে ১২টার দিকে শাহিন ওই শিক্ষার্থীকে মিথ্যা কথা বলে উপজেলার রুপরামপুর গ্রামের একটি ভিটা বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই সুকান্ত কর্মকার শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।