• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: / ০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করুক বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি, আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. বাহারুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুর সুস্থতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় বক্তারা মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। তারা বলেন, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. বাহারুল আলম। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার এবং মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category