কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের দাবি, নিহত ব্যক্তি আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। ২৯ জুলাই (বুধবার) মধ্যরাতে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের একই ক্যাম্পের মেইন ব্লক-সি, এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, জুবায়ের নিজ ঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জুবায়েরকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে অভিযান চলছে। প্রাথমিকভাবে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি সামনে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।