এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে বলে লক্ষ্মীপুরে হুশিয়ারি দিয়েছেন জেলা এনসিপির সদস্য সচিব এড. শামসুজ্জামান সোহেল।
বুধবার (২৯জুলাই) সন্ধ্যায় এনসিপি জেলা শাখার মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তারা এ হুশিয়ারি দেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে এ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় জেলা এনসিপির সদস্য সচিব এড. শামসুজ্জামান সোহেল বলেন, ‘আমাদেরকে বলা হয় আমরা নাকি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছি। ১২ ফেব্রুয়ারী গণভোট প্রত্যাখান করে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় শত শত মব সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনে পদে পদে বাঁধা সৃষ্টি করে। এদেশে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হচ্ছে বিএনপি। আমরা বলতে চাই, এনসিপির ওপর যদি আর হামলা হয় তাহলে ৫ আগস্ট শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বিএনপিরও একই পরিণতি হবে।’
এসময় উপস্থিত ছিলেন এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব এড. শামসুজ্জামান সোহেল, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসাইন, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আবদুল আহাদ ফারাবী, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক রবিউল বকশী প্রমুখ।