হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: মরণঘাতি ডাম্পট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, মিরাজুর রহমান মিরাজ, রায়পুর উপজেলা সদস্য সচিব ফজলে রাব্বি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব এ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, সিসিএস এর জেলা সভাপতি আবুল হাসান সোহেল, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসেন সুজন, নিসআর সাবেক জেলা আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, সদস্য সচিব বেলায়েত পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাম্প ট্রাক মরণঘাতকে রূপ নিয়েছে। রাত দশটা থেকে চলার কথা থাকলেও দিনের বেলায়ও এরা ওভার স্পিডে চালাচ্ছে। অনিয়ন্ত্রিত ডাম্প ট্রাকের কারণে রোববার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একজন সাবেক ছাত্রদল নেতা মারা যান। এ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে একদিন আমি না হয় আপনি এদের শিকার হবো। পাশাপাশি যারা এসকল সিন্ডিকেটের সাথে কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, রোববার মারা যাওয়া সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার করতে হবে। ডাম্প ট্রাকসহ ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করতে হবে।