সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। পাশাপাশি তাকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।
বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলমসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মুখে ইসলামের কথা বলে মানুষের ভোট নিয়ে সেবা না করে ধর্ষণের মতো ঘৃন্য কাজ করেছেন গাজী নজরুল। অথচ ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছ ভোট আদায় করেছেন তিনি। মানুষের সেবার পরিবর্তে ঢাকার আবাসিক হোটেলে তরুণীর সঙ্গে জঘন্য কাজ করা জনপ্রতিনিধিকে শ্যামনগরের মানুষ দেখতে চায় না। এ কারণে গাজী নজরুল ইসলামকে শ্যামনগর উপজেলা থেকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে।
বক্তরা জামায়াতে ইসলামীর কাছে আগামী ২৪ ঘন্টার মধ্যে দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।