ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। অবরোধের কারণে মহাসড়কের ঢাকা – সিলেট ও কুমিল্লা -সিলেট দু পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ রোববার (১৯ জুলাই) সকাল ১০ টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায়
কয়েকশো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা ‘জিহাদের হত্যাকারীরা বাইরে কেন’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’ এবং ‘হত্যাকারীদের ফাঁসি চাই’ এমন নানা স্লোগান দেন।
তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, জিহাদ হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এদিকে মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, সিলেট, কুমিল্লা ও দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পণ্যবাহী যান ও স্থানীয় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি আবু তাহের বলেন, হাইওয়ে থানা, সরাইল থানা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। পরিস্থিতি সান্ত ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রসঙ্গ,গত ১০ জুলাই রাতে কুট্টাপাড়া হাইওয়ে থানার পূর্ব পাশের সেতুর কাছে কুট্টাপাড়া গ্রামের জিহাদ (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় আজক রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।