• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রংপুরে একদিনে ৫ মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রংপুরে পৃথক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই নারী, ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী, বিলে ডুবে এক স্কুলছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী রয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) বিভাগের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় দূর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখানপুকুর এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাশেদা বেগম (৫৫) নামের একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো মেলেনি। শনাক্ত হওয়া রাশেদা বেগম পীরগাছা উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। অপরজনের নাম পরিচয় জানা না গেলে বয়স ২০ বছর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিনে সকালে পীরগাছা বাজারে ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে। রোজাতুল খাতুন ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধারাকোল বিলে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় রোজাতুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিনে পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল রায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হওয়া দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী রোমান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা উজ্জ্বল রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category